চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ

স্পোর্টস ডেস্ক ::

 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, এই টুর্নামেন্টের তারিখ চূড়ান্ত করলেও ভেন্যু বা আয়োজক দেশ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

 

গত জুলাইয়ে আইসিসি ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী, ১০ দলের এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ১৪ দলের মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাছাইপর্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো বিশ্বকাপের প্রথম রাউন্ড বা ‘সুপার সিরিজে’ অংশগ্রহণ করবে। সেখান থেকে সেরা দলটি ১২ দলের মূল আসরে উত্তীর্ণ হবে।

 

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বাছাইপর্বের ১০টি দলের মধ্যে থাকবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাংকিংয়ের তলানিতে থাকা দুই পূর্ণ সদস্য দেশ (আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে), ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে আসা শীর্ষ চার দল। এই প্লে-অফে লিগ-২-এর নিচের চার দল এবং চ্যালেঞ্জ লিগের (ক্রিকেটের তৃতীয় স্তর) চার দল লড়বে। সেখান থেকে সেরা চার দল মূল বাছাইপর্বে জায়গা করে নেবে।

চ্যালেঞ্জ লিগে ১২টি দল দুটি পুলে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি দল রাউন্ড-রবিন ভিত্তিতে তিনটি করে টুর্নামেন্ট খেলবে। প্রতি পুলের শীর্ষ দুটি দল বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলার সুযোগ পাবে।

বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই ম্যাচগুলোর ফলাফল এবং আফগানিস্তান (৮ম) ও আয়ারল্যান্ডের (১২শ) মধ্যকার আসন্ন সিরিজের ওপর ক্যারিবীয়দের ভাগ্য নির্ভর করছে।

 

আয়ারল্যান্ড যদি আফগানিস্তানকে ৪-১ বা ৫-০ ব্যবধানে হারায় এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের দুটি ম্যাচেই জেতে, তবেই তারা শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। অন্যথায় তাদের আবারও বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে হারারেতে নেদারল্যান্ডসের কাছে সুপার ওভারে হেরে মূল আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সেই তিক্ত স্মৃতি কাটিয়ে এবার সরাসরি মূল পর্বে ওঠাই দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31