সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসে কমপক্ষে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খনির ভেতর আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, কাচিন প্রদেশের হপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনা ঘটে। সেখানে পাথর সংগ্রহ করার সময় কাদার একটি বিশাল ঢেউয়ের নিচে শ্রমিকরা চাপা পড়েন।
দেশটির ফায়ার সার্ভিস বিভাগ এক ফেসবুক পোস্টে বলেছে, ‘জেড খনি শ্রমিকরা কাদার ঢেউয়ের মধ্যে পড়েছিলেন। টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায় স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়। এ খনিতে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা। মিয়ানমারের মোট জিডিপির বড় অংশই আসে জেড শিল্প থেকে। এই পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।