সিলেট |
প্রকাশিত: 7:07 PM, August 10, 2023
আন্তর্জাতিক ডেস্কঃঃ
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সেলিম মাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে দেশটির প্রিটোরিয়া শহরে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন তার ছেলে শিহাব আহমেদ।
সেলিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার মজুমদারকান্দি গ্রামের বাসিন্দা। মৃত্যুর ঘটনা শোনার পর থেকে পরিবারের চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা যায়, ২২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সেলিম মাতুব্বর। তিনি মাঝেমধ্যে দেশে ছুটিতে আসেন। দীর্ঘদিন ধরে সেখানে থাকায় স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন তিনি। গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার জানালে সেদিন রাতে তাকে নিজ দোকানের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেলিম মাতুব্বরের ছেলে শিহাব আহমেদ জাবের বলেন, ‘আমাদের এক আত্মীয় বাবার মৃত্যুর কথা জানিয়েছে। এভাবে আমার বাবাকে তারা গুলি করে হত্যা করবে সেটা কখনো ভাবিনি। এখন আমাদের সংসারের হাল ধরার মতো কেউ রইল না। সরকারের কাছে আমাদের দাবি আমার বাবা লাশ যেন দ্রুত আমরা দেশে আনতে পারি।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জানান, ‘এ বিষয়ে এখনো শুনিনি। তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’