সিলেট ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশ থেকে মাসিক ৪০০ ইউরো বেতনে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান ইউযোনোব।
আজ বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত স্লোবোডান ইউযোনোব।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, মেসিডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে দেশটির আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়া। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চায় তারা। এই খাতগুলোতে কাজ করা কর্মীর নূন্যতম মাসিক বেতন ৪শ ইউরো হবে। তবে কি পদ্ধতিতে তারা কর্মী নিবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
জানা যায়, কর্মী নিতে বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা চুক্তির কথা বলা হয়েছে। এ সময় নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সমঝোতা স্বারকের নমুনা চেয়েছেন। দ্রুত নমুনা স্বারক মেসোডোনিয়ায় পাঠানো হবে বলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন।