সিলেট |
প্রকাশিত: 7:30 PM, September 18, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট মহানগরীর সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভিন্নধর্মী উদ্যোগ নিল সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শহরের প্রধান সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।
এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, এটি জীবন রক্ষাকারী ঢালও। নিরাপদ সড়ক গড়তে প্রত্যেক চালককে নিজের দায়িত্বশীল আচরণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, ১২ লক্ষ নগরবাসী সকলেই একটি যানজটমুক্ত, নিরাপদ শহর চান। সবাই চায় নির্ভয়ে ফুটপাতে হাঁটতে, নিরবিচারে চলাচল করতে। এই লক্ষ্যে আমরা ফুটপাতকে হকারমুক্ত করার পদক্ষেপ নিয়েছি, রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি এবং এক টেকসই ও নিরাপদ নগর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি।’
নগরীতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এগুলো আইনগতভাবে অনুমোদিত নয়। চালকেরা বেশিরভাগই অপ্রশিক্ষিত, তারা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন না থাকায় চলাচলের সময় যত্রতত্র ঘোরাফেরা করে, হঠাৎ বাঁক নেয়, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি; মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে না।’
ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এ আয়োজনকে ঘিরে শহরের পরিবেশ ছিল বেশ উৎসবমুখর। ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ কার্যক্রমে অংশ নেন। কমিশনার মোটরসাইকেল আরোহীদের সচেতনতার প্রশংসা করেন এবং অন্যদেরও একইভাবে নিরাপত্তা মানদণ্ড অনুসরণে আহ্বান জানান।
সিলেট নগরে কমিশনারের এ ব্যতিক্রমী উদ্যোগ পথচারী ও সাধারণ মানুষকেও আকৃষ্ট করে। অনেকেই মন্তব্য করেন, ‘নিয়ম মানলে শুধু শাস্তি নয় সম্মানও পাওয়া যায়, এ উদ্যোগ সেই বার্তাই পৌঁছে দিলো।