সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাঠাতে গিয়ে ধরা পড়েছেন এক মাদক কারবারি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ওই ব্যক্তি চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামের ওসমান গনির ছেলে আব্দুল্লাহ (২৫)।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নতুন ব্রিজ এজে আর কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে যান আব্দুল্লাহ। তখন পার্সেলটি বুক করতে গিয়ে কুরিয়ার সার্ভিসের কর্মীরা আব্দুল্লাহের আচরণ এবং পার্সেলটি সন্দেহজনক মনে হলে সেটি খুলে যাচাই-বাছাই করতে গিয়ে দেখেন তার ভেতরে গাঁজা রয়েছে। তখন এজে আর কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ দ্রুত চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল্লাহকে গ্রেফতার করে।
চুনারুঘাট থানার ডিউটি অফিসার এএসআই ইলিয়াস জানান, ‘আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’