সিলেট |
প্রকাশিত: 2:14 PM, September 20, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির অভিযোগে শ্রী জয় (৩২) নামের এক যুবককে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এর আগে শুক্রবার দুপুরে ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতিত যুবক চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সীগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু ও বুড়িচং উপজেলার কাঁটাজঙ্গল এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার।
র্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটির তদন্ত চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর ওই যুবককে কামড়াচ্ছে এবং কয়েকজন মানুষ লাঠি হাতে তাকে মারধর করছে। এ সময় কুকুরের কামড় ও লাঠির আঘাতে অসহায় যুবক চিৎকার করছেন।
জানা যায়, মিলটিতে প্রায়ই চুরির ঘটনা ঘটছিল। শুক্রবার জুমার নামাজের সময় নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা তাকে ধরার জন্য অপেক্ষা করে। নামাজ শুরু হলে শ্রী জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে কুকুর লেলিয়ে ধরা হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনার পর রাতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শান্ত, লিপু ও সজিব নামের তিনজনকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।