সিলেট |
প্রকাশিত: 5:35 PM, October 23, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। অ্যাকাউন্টগুলো ৬৪ লাখ ২১ হাজার ৫৩৫ টাকা রয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিবিধ অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক তথা আমানতকারীদের অর্থ তছরূপ এবং তার নিজ ও পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগের বিষয়ে বিএফআইইউ থেকে পাওয়া অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ জমা রাখা হয়েছে ও লেনদেন সংঘটিত হয়েছে। অভিযোগসমূহ পর্যালোচনা করে মানিলন্ডারিং এর উপাদান থাকার যুক্তিসঙ্গত সন্দেহের অবকাশ রয়েছে বিধায় তাদের নামে বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ করা একান্ত প্রয়োজন।
এতে আরও বলা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে ওই অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে পুত্রের বিদেশি শিক্ষার খরচে ব্যবহার করেছেন। ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহে তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানসমূহে অর্থ স্থানান্তর, যা অর্থ পাচার ও মানিলন্ডারিংয়ের স্পষ্ট দৃষ্টান্ত এবং তা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোঅবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।