সিলেট |
প্রকাশিত: 1:47 PM, November 24, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে কোতোয়ালী থানাধীন শাহী ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আলু জব্দ করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পিকআপের ড্রাইভার ও হেলপারসহ ২-৩ জন চোরাকারবারি।
রবিবার (২৩ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে এই অভিযান পরিচালনা করে
পুলিশ জানায়, রবিবার (২৩ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে কোতোয়ালী থানাধীন ১৮নং ওয়ার্ডস্থ শাহী ঈদগাহ লাল গেইট এলাকার গাজী মেডিকেল হলের সামনে তল্লাশী চালায়। এ সময় একটি মাহিন্দ্র পিকআপকে সিগন্যাল দিলে গাড়িটি থামিয়ে অজ্ঞাতনামা ড্রাইভার, হেলপারসহ ২/৩ জন আসামী দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৪১ বস্তা ভারতীয় অবৈধ নতুন আলু উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫৫ কেজি করে মোট ২,২৫৫ কেজি আলুর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা। পাশাপাশি জব্দ করা হয় সাদা রঙের মাহিন্দ্র পিকআপটি (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১২-৫৩৫০, চেসিস নং MAIZU2TBKP1J76997, ইঞ্জিন নং TBP1J50451) যার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অজ্ঞাতনামা ড্রাইভার, হেলপারসহ পলাতক ২/৩ জন আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25B (1) (b)/25D ধারায় মামলা রুজু করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অবৈধ পণ্য ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এসএমপি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।’