সিলেট |
প্রকাশিত: 6:12 PM, January 4, 2026
লন্ডন বাংলা ডেস্ক ::
প্রশ্নফাঁসের হোতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক আল-আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়, সৈয়দ আবেদ আলী জীবনের সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো. জাকারিয়া রহমান একজন। বিশ্বস্থ সূত্রে জানা যায়, জাকারিয়া একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত এবং তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমতাবস্থায় মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি। জাকারিয়া ঝিনাইদহর শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামের শফিকুর রহমানের ছেলে।
প্রশ্নফাঁসের ঘটনায় ২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। গত ৫ জানুয়ারি পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ছাড়াও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা করে দুদক।