সিলেট ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের আলোচিত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী বৈঠকে বক্তব্য দিয়েছেন রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দিরাই উপজেলার বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় আয়োজিত বৈঠকে মাইকে বক্তব্য দিচ্ছেন গোলাপ মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা। এ সময় জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে তার বাম পাশে বসে থাকতে দেখা যায়।
গোলাপ মিয়া রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তিনি তার বক্তব্যে ভোটকে ‘উন্নয়নের চাবি’ হিসেবে উল্লেখ করে বলেন, একটি ঘরের চেয়ে দরজা ছোট, দরজা থেকে তালা ছোট, আর তালা থেকে চাবি আরও ছোট। কিন্তু এই ছোট চাবির মূল্য অনেক বেশি। ঠিক তেমনি ভোট হচ্ছে সবচেয়ে মূল্যবান চাবি। সেই উন্নয়নের চাবি আমরা কার হাতে দিতে চাই-সব বক্তব্যে স্পষ্ট, সেই যোগ্য ব্যক্তি মোহাম্মদ শিশির মনির।
ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৈঠকে আরও বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রেনু মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খসরু মিয়া এবং আলতাবুর রহমান। তারাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে পূর্বে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিত।
বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে গোলাপ মিয়া বলেন, কয়েক বছর আগে আমি কিছুদিন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। বর্তমানে আমার কোনো পদ-পদবি নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। ভোট তো কাউকে দিতে হবে। তাই একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে এলাকার স্বার্থে শিশির মনিরের বৈঠকে বক্তব্য দিয়েছি।