সিলেট ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
প্রতিনিধি / ওসমানীনগর ::
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ওসমানীনগর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবি দাশ (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে নিহতদের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।