সিলেট |
প্রকাশিত: 7:45 PM, January 21, 2026
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট-১ আসন যার সরকার তার। স্বাধীনতার পর থেকে প্রত্যোকটি দল এই মর্যাদার আসন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে। এবার দীর্ঘ ২২ বছর পর আজ রাতে সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এই প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে রাতেই তারেক রহমান মা বেগম খালেদা জিয়ার মতোই শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে পুরোদমে মাঠের নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান।
সফর সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকালে তিনি সিলেটে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সেখান থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক কয়েকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় দুপুর আড়াইটার দিকে যোগ দেবেন।
জানা যায়, ২২ বছর আগে দলের যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন।