সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা না উঠিয়ে বাহিনীর পতাকা উত্তোলন করে দায় সারলেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আজ শনিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমীতে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাগ স্ট্যান্ড স্থাপন অনুষ্ঠানে এমন বিতর্কের জন্ম দেন তিনি।
সকাল ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি গ্রহণ করে বাহিনীর সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগদেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এসময় দেশের সবচেয়ে বড় ১২০ ফুট উচ্চতার ফ্লাগ স্ট্যান্ড আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে আনসার ও ভিডিপির ২৮ ফুট দৈর্ঘ্যের পতাকা উত্তোলন করেন তিনি।
এসময় বাহিনীর সদস্যদের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তবে জাতীয় পতাকা উত্তোলন না করায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি স্থান ত্যাগ করলে সাধারণ আনসার সদস্যরা ওই ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘আনসার ও ভিডিপি সদস্যদের মনোবল বাড়াতে দেশের সবচেয়ে বড় ফ্লাগ স্ট্যান্ড স্থাপন করে পতাকা উত্তোলন করা হয়েছে যা দিনরাত থাকবে।’
এ সময় অনুষ্ঠানে তার সঙ্গে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।