পিলখানা হত্যাকাণ্ডের নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 3:40 PM, February 25, 2026

পিলখানা হত্যাকাণ্ডের নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলেও জানান তিনি।

 

আজ বুধবার ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা এসেছেন। বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ, চিরভাস্বর। এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি।’

 

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি।’

 

 

বর্তমান সরকার নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করবে না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে যে সুপারিশগুলো এসেছে, বিচারাধীন যে মামলাগুলো আছে, এই জুডিশিয়াল প্রসেসগুলো সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’

 

 

শহীদ পরিবারগুলোর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’

 

 

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031