সিলেট ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
প্রতিনিধি / ওসমানীনগর ::
সিলেটের ওসমানীনগর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সহস্রাধিক রোজাদারের অংশগ্রহণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, হুমায়ুন কবির ওসমানীনগর উপজেলার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থানীয় নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে। হুমায়ুন কবির এবং সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা’র নেতৃত্বে ওসমানীনগরের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সাজ্জাদুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা দেশ, জাতি এবং ওসমানীনগর এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছি। পরে দেশ ও জাতির শান্তি, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।