সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
আন্তজাতিক ডেস্ক ::
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি লারিজানি নিহত হয়েছেন। তবে এই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।
যদি এ তথ্য সত্য হয়, তবে চলমান যুদ্ধে এটি হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলির একটি। এর আগে যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।
লারিজানিকে সর্বশেষ গত শুক্রবার তেহরানে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে দেখা যায়। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন।
ইরানের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী ব্যক্তিত্ব লারিজানি একসময় পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনা নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অন্তর্ভুক্ত আধাসামরিক বাহিনী বাসিজের প্রধানকে হত্যা করেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে গত ছয় বছর ধরে দায়িত্ব পালন করা বাসিজ বাহিনীর কমান্ডার ঘোলাম রেজা সোলাইমানিকে হত্যা করা হয়েছে।
তবে এই দাবির বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি ইরান।