সিলেট ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬
প্রতিনিধি / বালাগঞ্জ ::
বালাগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সকাল ১০টায় ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে “দুর্নীতি দমনে আইনই যথেষ্ট” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিপক্ষ দল বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্য ছিলেন মাইশা খানম, নাজিয়া নিজাম ও শেখ ফারিহা। পক্ষ দলের সনিয়া বেগম, দিতি রানী দাস ও মাহফুজ আহমদ রানার্সআপ হন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দিতি রানী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক এম এ কাদির, শিক্ষক বুলবুল আহমদ, মাহমুদুন্নেছা, স্বর্ণা খাতুন, আল আমিন ও সুজন বনিক।
এরপর বেলা ১২টায় আব্দুল মতিন মহিলা একাডেমী উচ্চ বিদ্যালয়ের হলরুমে “সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতিই আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পক্ষ দল বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্য ছিলেন হাফিজা বেগম, তানিশা আক্তার তানজিলা ও নাজিফা জান্নাত আরিয়ানা। বিপক্ষ দলের ছানজানা কবির নাবিলা, নাজিরা বেগম ও নাজিফা জান্নাত ফাইজা রানার্সআপ হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন হাফিজা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ এস এম আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক এম এ কাদির, শিক্ষক স্বপন কুমার রায় ও সুপর্না বোর্নাজী। দুপুর ২টায় দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে “দুর্নীতির মূল কারণ দারিদ্রতা” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপক্ষ দল বিজয়ী হয়। বিজয়ী দলের সদস্য ছিলেন সুরাইয়া বেগম, নুরা বেগম ও মরিয়ম মোবাশ্বিক। পক্ষ দলের ইউমা চৌধুরী, আনিকা বেগম ও জামিয়া বেগম রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মরিয়ম মোবাশ্বিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন চন্দ্র বর্মন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ এস এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জিল্লুর রহমান জিলু, শিক্ষক জাকারিয়া টিপু, গোলজার আহমদ ও রেবেবুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও আইন সম্পর্কে বাস্তব ধারণা দিতে পারলে দুর্নীতির বিরুদ্ধে শক্ত সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।