সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ::
যুদ্ধবিরতি কার্যকরের দুই মাস পর আবারও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। ইসরায়েল মধ্য ও পশ্চিম ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর সোমবার সকালে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবার ভোরে তারা ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ পরই ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হামলার সতর্কবার্তা পেলে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের তিনটি স্থানে অবস্থিত রাডার কেন্দ্রের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসরায়েলি হামলার পর রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরবর্তীতে নাজাফাবাদ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এই নতুন সংঘাতের সূত্রপাত হয় রোববার। এদিন ইসরায়েল উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে সামরিক অভিযান চালায়। উত্তর ইসরায়েলে ইরানের ওই হামলা ছিল বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া।
প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই প্রথমবারের মতো ইসরায়েল-ইরানের সরাসরি সংঘাত।
সোমবার সকালে জেরুজালেমসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও রকেট হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরাই এই হামলা চালিয়েছে।
ইরান অভিযোগ করেছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
অন্যদিকে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পরই তারা পাল্টা অভিযান চালিয়েছে।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত রাখার আহ্বান জানিয়ে আসছে, যাতে ইরানের সঙ্গে একটি বৃহত্তর আঞ্চলিক সমঝোতার পথ খোলা থাকে। তবে ইসরায়েল বরাবরই লেবানন ও ইরান ইস্যুকে পৃথক নিরাপত্তা ফ্রন্ট হিসেবে দেখার পক্ষে অবস্থান নিয়েছে।