সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ::
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জেরুজালেম ও তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের কনস্যুলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এ ঘোষণা দেয়। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের জারি করা সতর্কতার কারণে কর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে ‘রেড অ্যালার্ট’ সাইরেন বাজলে দ্রুত সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যেতে পারেন।
বিবৃতিতে আরও জানানো হয়, জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবে এর শাখা কার্যালয়ের কনস্যুলার বিভাগ সোমবার বন্ধ থাকবে।
এর আগে রোববার রাতে ইরান উত্তর ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এপ্রিল মাসের শুরুতে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর এটিই ছিল ইরানের প্রথম বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলার জবাবে এই হামলা করা হয়েছে বলে দাবি করে ইরান।