আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ ও গতিশীল করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগের আওতায় ওয়ার্ক পারমিটের আবেদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি প্রশাসনিক জটিলতা কমানো এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হয়েছে। ফলে নিয়োগকর্তা ও কর্মী—উভয় পক্ষই দ্রুত ও স্বল্প খরচে সেবা নিতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

সোমবার (৮ জুন) জারি করা এক পরিপত্রে মন্ত্রণালয় জানায়, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত একটি অনলাইন জনপরামর্শ কর্মসূচি চালু রাখা হবে। এতে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থা সম্পর্কে মতামত ও প্রস্তাব দিতে পারবেন।

 

বিশেষ করে পারমিট অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্ত কমানোর বিষয়ে মতামত নেওয়া হবে

মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগ দেশটির ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি’ কর্মসূচির অংশ। সংস্কারের আওতায় সহায়ক নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা অনেক ক্ষেত্রে বাতিল করা হয়েছে। কিছু পারমিটের জন্য প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পাশাপাশি আবেদন নিষ্পত্তির সময়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন ঘরে বসেই অধিকাংশ সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে

বিশেষজ্ঞদের মতে, নতুন এই ব্যবস্থা বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও দ্রুত করবে এবং শ্রমবাজারে দক্ষ জনশক্তি যুক্ত করতে সহায়ক হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী কর্মীদের জন্যও ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

১৩ ধরনের ওয়ার্ক পারমিট

আমিরাতের শ্রম আইনের নির্বাহী বিধিমালা অনুযায়ী বর্তমানে ১৩ ধরনের ওয়ার্ক পারমিটের সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগের পারমিট, নিয়োগকর্তা পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট, পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের জন্য ওয়ার্ক পারমিট, সাময়িক ওয়ার্ক পারমিট, ওয়ান-মিশন ওয়ার্ক পারমিট, পার্ট-টাইম ওয়ার্ক পারমিট, অপ্রাপ্তবয়স্কদের ওয়ার্ক পারমিট, শিক্ষার্থী প্রশিক্ষণ ও কর্মসংস্থান পারমিট, সংযুক্ত আরব আমিরাত ও জিসিসি নাগরিকদের জন্য বিশেষ পারমিট, গোল্ডেন ভিসাধারীদের ওয়ার্ক পারমিট, ন্যাশনাল ট্রেইনি পারমিট, ফ্রিল্যান্স পারমিট এবং গৃহকর্মীদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট।

 

বিদেশ থেকে কর্মী নিয়োগের পারমিটের মাধ্যমে আমিরাতের বাইরে অবস্থানরত ব্যক্তিদের সরাসরি নিয়োগ দেওয়া যাবে। ট্রান্সফার ওয়ার্ক পারমিটের মাধ্যমে দেশটিতে অবস্থানরত কোনো কর্মী এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চাকরি পরিবর্তন করতে পারবেন।

 

পরিবারের সদস্যের স্পন্সরশিপে থাকা বাসিন্দারাও বিশেষ পারমিটের মাধ্যমে চাকরিতে যুক্ত হতে পারবেন। একইভাবে নির্দিষ্ট মেয়াদের প্রকল্পভিত্তিক কাজের জন্য সাময়িক ও ওয়ান-মিশন পারমিটের ব্যবস্থা রাখা হয়েছে।

 

পার্ট-টাইম ওয়ার্ক পারমিটের আওতায় একজন কর্মী একাধিক প্রতিষ্ঠানে খণ্ডকালীন ভিত্তিতে কাজ করতে পারবেন। এছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণদের জন্য অপ্রাপ্তবয়স্ক ওয়ার্ক পারমিট এবং শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান পারমিট চালু রয়েছে।

 

গোল্ডেন ভিসাধারী, জিসিসিভুক্ত দেশের নাগরিক এবং আমিরাতি নাগরিকদের জন্যও পৃথক ওয়ার্ক পারমিট ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে ইচ্ছুকদের জন্য রয়েছে ফ্রিল্যান্স পারমিট, যা কোনো নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে না থেকেও কাজ করার সুযোগ দেয়।

 

এছাড়া গৃহকর্মী, ন্যানি, ব্যক্তিগত চালকসহ গৃহস্থালি পেশায় নিয়োজিতদের জন্য পৃথক ডোমেস্টিক ওয়ার্কার্স ওয়ার্ক পারমিট কার্যকর রয়েছে।

 

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে বেসরকারি খাতের টেকসই উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং একটি আধুনিক প্রতিযোগিতামূলক শ্রমবাজার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930