সৌদি ও ওমানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

সৌদি ও ওমানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে ইরান। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পৃথকভাবে সৌদি আরব ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএজানিয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পৃথক ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন আরাঘচি।

 

আলোচনায় তিন দেশের শীর্ষ কূটনীতিকরা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ বাড়ানো এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত পদক্ষেপের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর একমত হন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

 

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। ফলে এ জলপথে যেকোনো ধরনের উত্তেজনা বা নিরাপত্তা সংকট বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে সৌদি আরব, ওমান ও ইরানের মধ্যে এই কূটনৈতিক যোগাযোগকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930