গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

গ্রিসে দাবানল নেভানোর সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক ::

 

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের অভিযানে অংশ নেওয়ার সময় মাঝ আকাশে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন এক ডেনিশ পাইলট এবং গ্রিসের ফায়ার সার্ভিসের একজন সমন্বয় কর্মকর্তা।

অপর হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট ও একজন গ্রিক সমন্বয় কর্মকর্তা প্রাণে বেঁচে গেছেন। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

রোববার রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি বেল হেলিকপ্টারের একটি অপরটির রটার ব্লেডে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। পরে সেটি একটি খাদে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ম্যাকডারমট এভিয়েশন থেকে ইজারা নেওয়া দুটি বেল হেলিকপ্টার অ্যাটিকা-বিওশিয়া সীমান্তে ছড়িয়ে পড়া বড় একটি দাবানল নেভানোর অভিযানে অংশ নিয়েছিল। সেসময়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

একটি হেলিকপ্টারের দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও অন্য হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘গ্রিক সমন্বয় কর্মকর্তা ও ডেনিশ পাইলটের মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে।’ তিনি নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান।

 

দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দেশটির সিভিল প্রোটেকশন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

 

একই সূত্র জানায়, জরুরি অবতরণ করা হেলিকপ্টারে থাকা ব্রিটিশ পাইলট ও গ্রিক ফায়ার সার্ভিসের সমন্বয় কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তারা দুজনই সচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

 

বিবিসির তথ্য অনুযায়ী, আহত ব্রিটিশ পাইলট দাবানল মৌসুমে দায়িত্ব পালনের জন্য বেসরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তিনি যুক্তরাজ্য ও গ্রিসের মধ্যে কোনো সরকারি সহায়তা কর্মসূচির অংশ ছিলেন না।

 

অন্যদিকে, গ্রিসের সংবাদমাধ্যম একাথিমেরিনি জানিয়েছে, দুর্ঘটনার পর বেঁচে যাওয়া দুই ক্রু সদস্যই দ্রুত উদ্ধারকারী দলকে সংঘর্ষের বিষয়টি জানান এবং দুর্ঘটনাস্থল শনাক্ত করতে সহায়তা করেন। চার ক্রু সদস্যের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

 

ম্যাকডারমট এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জন ম্যাকডারমট এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি।

 

এদিকে, গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে এরিকসন এয়ার-ক্রেন, চিনুক হেলিকপ্টার এবং কানাডেয়ার পানি নিক্ষেপকারী বিমান দিয়ে অভিযান অব্যাহত রয়েছে।

 

চলতি সপ্তাহে তীব্র তাপপ্রবাহের মধ্যে গ্রিসজুড়ে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে, যার কারণে বহু এলাকায় ব্যাপক লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ফ্রান্স ও স্পেনেও বড় ধরনের দাবানল দেখা দিয়েছে। যদিও দেশ দুটিতে প্রধান আগুনগুলো এখন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও কিছু এলাকায় আগুন জ্বলছে এবং প্রায় তিন লাখ সরিয়ে নেওয়া বাসিন্দা ধীরে ধীরে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।

 

গ্রিসের গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, পোর্তো জারমেনো, সাথা, ফোকিদা, মেগারা ও কেফালোনিয়াসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে “টাইটানিক লড়াই” চালিয়ে যাচ্ছেন ৫০০-রও বেশি দমকলকর্মী।

 

বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ দাবানলের সূচনা মানুষের কর্মকাণ্ড থেকেই হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ ক্রমেই বাড়ছে। গত শীতের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বেড়ে ওঠা ঘন উদ্ভিদ পরবর্তী তীব্র গরমে শুকিয়ে গিয়ে এখন দাবানলের জ্বালানিতে পরিণত হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930