তুরস্ক-সৌদি-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর আজ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

তুরস্ক-সৌদি-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর আজ

আন্তর্জাতিক ডেস্ক ::

 

আঞ্চলিক উত্তেজনার মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। শুক্রবার সৌদি আরবের জেদ্দায় তিন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত কয়েকটি আঞ্চলিক সূত্র জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য ও বৃহত্তর মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ তিনটি সুন্নি-প্রধান দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। তবে চুক্তিতে কোন দেশ কী ধরনের সামরিক প্রতিশ্রুতি দেবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

 

তুরস্কের এক কর্মকর্তা চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার জেদ্দায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও শাহবাজ শরিফের সঙ্গে সৌদি আরব সফরে থাকবেন।

তুরস্ক ন্যাটোর সদস্য এবং সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। অন্যদিকে পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ফলে তিন দেশের সম্ভাব্য প্রতিরক্ষা জোট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

প্রায় এক বছর ধরে চুক্তিটি নিয়ে তিন দেশের মধ্যে আলোচনা চলছিল। এরই মধ্যে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা তৎপরতায় উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলসহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা দুর্বলতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছিলেন, আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা জোরদারে আরও বিস্তৃত একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম গঠনের পক্ষে রয়েছে আঙ্কারা।

 

এর আগে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। সৌদি এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওই চুক্তির আওতায় কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং এতে ‘সব ধরনের সামরিক উপায়’ ব্যবহারের সুযোগ রয়েছে।

 

নতুন তুরস্ক-সৌদি-পাকিস্তান চুক্তিতে এই প্রতিশ্রুতির পরিধি কতটা বাড়ানো হবে, তা এখনো স্পষ্ট নয়। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় নতুন চুক্তিটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে কী ধরনের প্রভাব ফেলবে, সেদিকেও নজর রয়েছে।

 

এদিকে চুক্তি নিয়ে পাকিস্তানের সরকার ও সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সৌদি আরবের সরকারও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930