মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধি / বাগেরহাট ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানার ও মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীদের স্লোগান ও মিছিলের কারণে এদিন পৌর শহরের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

বিকেলে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৬টি ইউনিয়নের নেতাকর্মীরা পৃথক ব্যানারে মিছিল নিয়ে মূল র‍্যালিতে যোগ দেন। পরে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।

 

র‍্যালি শেষে পৌর পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সোমনাথ দে।

 

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভূমিকা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল মজিদ জব্বার, জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আল আজাদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

 

সদর ইউনিয়ন বিএনপির পৃথক র‍্যালি

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদারের নেতৃত্বে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে পৃথক একটি র‍্যালি বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে আয়োজিত মূল সভাস্থলে গিয়ে সমবেত হয়।

 

সদর ইউনিয়ন বিএনপির এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূরুল ইসলাম বিশ্বাস, শাহাদাৎ হোসেন, আবু শেখ ও নূরুল মোমেন। এ ছাড়া যুবদল নেতা হোসেন শিকদার, মালেক তালুকদার, কুদ্দুস শিকদার এবং কৃষকদল নেতা মিলন আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পৃথক মিছিল ও র‍্যালির মাধ্যমে নেতাকর্মীরা পৌর পার্কের সভাস্থলে সমবেত হন।

 

পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930