সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ইতালির রাজধানী রোমে বর্ষবরণে আতশবাজির মাধ্যমে নতুন বছর উদযাপনের পর রাস্তায় শতশত পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে প্রাণি অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ।স্কাই নিউজের খবরে জানানো হয়, রোমের প্রধান ট্রেন স্টেশনের কাছে অনেক পাখি মারা পড়েছে। এদের মধ্যে অধিকাংশ স্টার্লিং পাখি। তবে ঠিক কী কারণে এত পাখি মারা গেল সে বিষয়ে ইতালি সরকার এখনো কোনো ব্যাখ্যা দেয়নি।
প্রাণি সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংগঠন আইওপিএ দাবি করছে, গাছগাছালি অঞ্চলে ব্যাপক হারে আতশবাজির কারণে পাখিদের এই পরিণতি ভোগ করতে হয়েছে।সংগঠনের মুখপাত্র লোরেডানা ডিজিলিও বলছেন, তারা ভয় থেকে মরতে পারে। বিকট শব্দ শুনে সবাই একসঙ্গে আকাশে উড়েছে। একে-অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। জানালায় গিয়ে পড়েছে। বিদ্যুতের তারে বিঁধেছে। ভুলে গেলে চলবে না, তারা হার্ট-অ্যাটাকেও মরতে পারে।
প্রসঙ্গত, করোনার প্রকোপ ঠেকাতে রোমে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। রাত দশটা পর্যন্ত শহরে কারফিউ ছিল। এ ঘটনার পর প্রাণিদের সুরক্ষার জন্য আতশবাজি বিক্রি নিষিদ্ধের আহ্বান জানিয়েছে আইওপিএ-এর ইতালি শাখা।নিউ ইয়র্ক টাইমস এ ঘটনার শিরোনাম করেছে, ‘নতুন বছরে আতশবাজিতে ‘গণহত্যার’শিকার পাখিরা’।