করোনায় রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সেতুমন্ত্রীর

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনাভাইরাসের প্রদুর্ভাব চলমান সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জীবিকার আগে জীবন, তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ মন্ত্রী আজ সোমবার সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

 

নিজের সরকারি বাসভবন থেকে অনলাইন মাধ্যমে সভায় ‍যুক্ত হয়ে মন্ত্রী বলেন, ‘করোনার এই সময়ে রাজনীতি করা সমীচীন নয়। বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে- সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।’

 

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো। মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।’

 

বিএনপির অনেক নেতাদের ওষুধ কোম্পানি আছে, এসব কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের মতো কৃষকের ধান কেটে দেওয়ার মত কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে? বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও পোড়াও রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না।’

 

গতকাল রোববার হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে। তবে শুধু বিলুপ্ত করলেই হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে।’ পাশাপাশি, নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব বন্ধ হবে কিনা প্রশ্ন করেন মন্ত্রী।

 

করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়,মাস্ক না পরলে ভ্যাকসিনে কোন কাজ হবে না।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031