সিলেট |
প্রকাশিত: 4:53 PM, May 3, 2021
স্টাফ রির্পোটারঃঃ
স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে সারা দেশের জেলার ভেতরে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, শহরের মধ্যে গাড়ি খুলে দেওয়া হবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না।
তবে ৬ মে থেকে সিলেট জেলার ভেতরে গণপরিবহন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানালেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। তিনি সোমবার (৩ মে) বিকেলে এ প্রতিবেদককে বলেন, কেন্দ্র থেকে আমাদের এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এর জন্য আমরাও ৬ মে থেকে সিলেটে গণপরিবহন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। কেন্দ্র থেকে জানানোর পর সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, আমরা সরকারের সিদ্ধান্তের বাইরে যেতে চাই না। তবে আমরা পরিবহণ শ্রমিকদের অবর্ণনীয় কষ্টের কথা বিবেচনায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সরকারের প্রতি আমাদের একান্ত দাবি- ৬ মে থেকে সড়কে দূরপাল্লারসহ সকল বাস ও গণপরিবহন চলাচলের অনুমতি দিয়ে আমাদের বাঁচার সুযোগ করে দিন।