সিলেট ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্ক::
রাজধানী ঢাকার মুগদা স্টেডিয়াম ইউনিক বাস কাউন্টারের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামের সিলেটের এক গৃহবধূ আহত হওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করে।। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিপি সিলেট সদর উপজেলার গোলাম কিবরিয়ার স্ত্রী।
লিপির আত্মীয় আদনান তাহের জানান, গত ২৪ ফেব্রুয়ারি লিপিরা স্বপরিবারে তাদের দক্ষিণ রাজারবাগের বাসায় আসেন। পরে শনিবার ভোরে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রিকশায় রওনা দেন।
আদনান আরও জানান, দুই রিকশা নিয়ে তারা আসছিলেন। এক রিক্সায় ছিলেন, লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি (১৫) অন্য রিক্সায় ছিল গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬)। তারা রিকশা নিয়ে মুগদা স্টেডিয়ামের কাছে আসলে ২ থেকে ৩ জন ছিনতাইকারী একটি প্রাইভেটকার থেকে লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে যায় ও অজ্ঞান হয়ে যান লিপি।
তাৎক্ষণিক মুগদা থানা পুলিশসহ তাকে আহত অবস্থায় প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে জরুরী চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেয়ার সময় লিপি ব্যাগ না ছাড়লে রিকশা থেকে ছিটকে নিচে পরে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।