সিলেট |
প্রকাশিত: 12:53 PM, May 1, 2021
আন্তর্জাতিক ডেস্কঃঃ
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯০ জন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে এ খবর জানা গেছে। খবরে বলা হয়, গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আফগানিস্তানের লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরুর একদিন পরই এই বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটলো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে স্কুলশিক্ষার্থীও রয়েছে। তারা একটি অতিথিশালায় ছিল। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ ধসে গেছে। বিস্ফোরণের ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকে পড়েছেন। নিরাপত্তাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ করছেন।
এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ। লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেন, ‘বিস্ফোরণে ওই এলাকার একটি হাসপাতাল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’