সিলেট |
প্রকাশিত: 3:14 PM, April 10, 2021
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকেরচাপায় নিহত হয়েছেন সৈকত আজিজ (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ভূয়াই এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত সৈকত একই জেলার রাজনগর উপজেলার ইটা চা-বাগানের করিমপুর এলাকার হাসান আলীর পুত্র। তিনি জুড়ী উপজেলার ছোট ধামাই এলাকায় তার আত্বীয়ের বাড়ীতে থেকে ঐ এলাকায় রাজমিস্ত্রীর কাজের ঠিকাদারি করতেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে সৈকত তার বাড়ী থেকে মোটরসাইকেল চালিয়ে জুড়ীতে ফিরছিলেন। উপজেলার ভূয়াই এলাকা অতিক্রমকালে একই দিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাক ওভারটেক করার সময় সড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। পরক্ষনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার পরে ট্রাকটি দ্রুত পালিয়ে যেতে চাইলে ঘটনাস্থল থেকে ৫ কি.মি দূরে জাঙ্গিরাই চত্তর এলাকায় গিয়ে অন্য একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। সেখানে স্থানীয়রা ট্রাকটি আটক করেন। এসময় চালক পালিয়ে যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ট্রাকচালকের সহকারী তুহিন বলেন, ভৈরবের একটি আড়ত থেকে ট্রাকে করে জুড়ীতে চাল নিয়ে যাচ্ছিল তারা। মোটরসাইকেল আরোহী ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ট্রাক চালকের নাম জুনু মোহাম্মদ। তিনি কোথায় গেছেন, বলতে পারবেন না।জুড়ী থানা পুলিশের এএসআই অনিক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।