সিলেট |
প্রকাশিত: 3:16 PM, January 30, 2023
লন্ডন বাংলা ডেস্কঃঃ
আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু করবেন। এ ছাড়াও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন।
আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস বা কনস্যুলার অফিস খোলার বিষয়ে রাজি হয়েছে। বাংলাদেশও চায় আর্জেন্টিনায় দূতাবাস বা কনস্যুলার অফিস খুলতে। তবে তা কবে নাগাদ হতে পারে এখন নিশ্চিত বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আর্জেন্টিনা যখন এখানে (ঢাকা) দূতাবাস খুলবে তখন তারা তাদের দেশে আমাদের দূতাবাস খোলার অনুরোধ করবে। এ ছাড়াও আমাদের অর্থ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট দরকার।
আর্জেন্টিনার সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ঢাকায় দূতাবাস খুলবেন কি না সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা এখনও তার ভ্রমণসূচি পাইনি। তবে দূতাবাস খোলার আগে কিছু নির্দিষ্ট প্রস্তুতি প্রয়োজন।
এদিকে, বাংলাদেশে দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার ঢাকায় আসছে।
বাংলাদেশে বরাবরই আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত-সমর্থক ছিল। গত কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর উল্লাসরত বাংলাদেশি সমর্থকদের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর তা বিশ্ববাসীর নজর কাড়ে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়।
পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে টুইট করে বলা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! ওরা (বাংলাদেশিরা) আমাদের মতোই পাগল!’
আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো। চিঠিতে আলবার্তো বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে মনে করেন তিনি।