৩ লাখ টন ডিজেল কিনবে সরকার

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

৩ লাখ টন ডিজেল কিনবে সরকার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি, ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে দুটি বড় সেতু নির্মাণসহ মোট ৬টি প্রস্তাবের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নবম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

 

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বৈঠকে তিনটি মন্ত্রণালয় ও বিভাগের মোট ছয়টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয় এবং সবগুলোই নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মাঠ পর্যায়ে টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

 

এছাড়া সেতু বিভাগের প্রস্তাব অনুযায়ী পিপিপি ভিত্তিতে দুটি সেতু নির্মাণ প্রকল্প নীতিগতভাবে অনুমোদন পায়। এর একটি হলো শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ এবং অন্যটি বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর ভোলা ব্রিজ নির্মাণ।

 

অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি প্রস্তাবের ভিত্তিতে মোট ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে।

 

প্রস্তাব অনুযায়ী, ওয়াইএআর এ্যানার্জি থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ইনএন ৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানি করা হবে।

 

এছাড়াও কে এ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি থেকে আরও ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম ডিজেল এবং এম/এস. সিকদার ইন্টারন্যাশনাল থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে।

 

বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই জরুরি জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031