সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬
স্পোর্টস ডেস্ক ::
টানা দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে এবার তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে আলবিসেলেস্তেরা ‘আমরা থামছি না’।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা।
এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল ম্যাচে ফেরায় দলকে। এরপর ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ফাইনালের প্রস্তুতি শুরু করে ইতোমধ্যে অনুশীলনে নেমেছে আর্জেন্টিনা। অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) লিখেছে, ‘আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটা ছোট পদক্ষেপ বাকি।’
এই বার্তায় স্পষ্ট, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পুরোপুরি মনোযোগী স্কালোনির শিষ্যরা।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে লা রোহা।
আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে টানা দ্বিতীয় শিরোপা ধরে রাখার লড়াই, অন্যদিকে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সব মিলিয়ে বিশ্ব ফুটবল অপেক্ষায় আরেকটি স্মরণীয় ফাইনালের।