সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
স্পোর্টস ডেস্ক ::
বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের দল কেন্ট দারুণ মৌসুম কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ওঠা নিশ্চিত করেছে। শনিবার লর্ডসে মিডলসেক্স ৭ উইকেটে নর্দাম্পটনশায়ারকে হারানোর পর কেন্টের শীর্ষ দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত হয়। এর মধ্য দিয়েই প্রথম বিভাগে ফেরার টিকিট পেয়ে যায় ক্যান্টারবারিভিত্তিক দলটি।
গত মৌসুমে প্রথম বিভাগ থেকে অবনমন হয়েছিল কেন্টের। তবে দ্বিতীয় বিভাগে নেমেই দুর্দান্ত পারফরম্যান্সে এক মৌসুমের মধ্যেই আবার শীর্ষ স্তরে ফিরে এসেছে তারা।
কেন্টের এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের দুই পেসার হাসান ও খালেদ। পুরো মৌসুমে হাসান নিয়েছেন ২৬ উইকেট, আর খালেদের শিকার ১৬ উইকেট।
সফল মৌসুমের পুরস্কার হিসেবেই কেন্টের এই উন্নতি। এক মৌসুম দ্বিতীয় বিভাগে কাটানোর পর ২০২৭ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম বিভাগে ফিরবে তারা। দেশের শীর্ষস্থানীয় ঘরোয়া দলগুলোর সঙ্গে আবারও খেলবে কেন্ট।