সিলেট ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
স্পোর্টস ডেস্ক ::
তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকবেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ক্যারিবিয়ানদের বিপক্ষে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ৪১ ইনিংসে ৬৬.৫০ গড়ে ২ হাজার ২৬১ রান করেছেন কোহলি। তার রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১১টি ফিফটি।
ভারতের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি। তার ওপরে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যার রান ১৮ হাজার ৪২৬। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই আজ আর ৫৯ রান করতে পারলে ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁবেন কোহলি। এর মাধ্যমে তিনি হবেন এই কীর্তি গড়া দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার।
এখন পর্যন্ত ৩১৪ ম্যাচের ৩০২ ইনিংসে ৫৮.৫৯ গড়ে কোহলির রান ১৪ হাজার ৯৪১। তার নামের পাশে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৯টি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ১৮৩ রানের।
৩৭ বছর বয়সী কোহলির সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার দৌড়ও রয়েছে। বর্তমানে তার সেঞ্চুরি ৮৫টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪১ ইনিংসেই ৯টি সেঞ্চুরি করেছেন তিনি। ফলে শিগগিরই আরও একটি সেঞ্চুরি আসতে পারে বলে প্রত্যাশা থাকছেই।
এর জন্য তিরুবনন্তপুরমের চেয়ে ভালো জায়গা হয়তো আর হতে পারে না। এই মাঠে দুটি ওয়ানডে খেলে এখনো আউট হননি কোহলি। করেছেন ১৯৯ রান।
২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে এই মাঠেই ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসে ছিল ১৩টি চার ও ৮টি ছক্কা। ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র ২৫ বলে আরও ৬৬ রান করে ১৬৬ রানে অপরাজিত থাকেন কোহলি। ওয়ানডেতে দ্রুত রান তোলা ও ইনিংস গড়ার অসাধারণ উদাহরণ হয়ে আছে সেই ইনিংস।
শচীনের আরেকটি রেকর্ডও হাতছানি দিচ্ছে কোহলিকে। স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীনের ৬০টি সেঞ্চুরির রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর দুটি সেঞ্চুরি। বর্তমানে কোহলির সেঞ্চুরি ৫৯টি।
নিজের দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও শচীনের দখলে। ঘরের মাঠে শচীনের সেঞ্চুরি ৪২টি। কোহলির রয়েছে ৪১টি। অর্থাৎ আরও দুটি সেঞ্চুরি করতে পারলেই শচীনের রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনি।
ঘরের মাঠে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের শচীনের আরেকটি রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে কোহলির সামনে। ঘরের মাঠে ১৬৪ ম্যাচে শচীন করেছেন ৬ হাজার ৯৭৬ রান। কোহলির রান ১৩০ ম্যাচের ১২৭ ইনিংসে ৬ হাজার ৮৬৭। তাই শচীনের রেকর্ড ভাঙতে তাঁর প্রয়োজন আর ১১০ রান।
ঘরের মাঠে ওয়ানডেতে কোহলির ব্যাটিং গড় ৬২.৪২। তাঁর রয়েছে ২৭টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি।
চলতি বছরও ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন কোহলি। ছয় ইনিংসে ৬৪.০০ গড়ে করেছেন ৩৮৪ রান। রান তোলার হার ১০৬-এর বেশি। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।