সদস্যদের আরও বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ইনফান্তিনোর

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

সদস্যদের আরও বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ইনফান্তিনোর

স্পোর্টস ডেস্ক ::

 

ফিফার আনুমানিক ৪৪০ কোটি পাউন্ডের নগদ মজুত থেকে সদস্য দেশগুলোকে আরও বেশি অর্থ দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

বিবিসি স্পোর্টের দেখা একটি চিঠিতে এমন ইঙ্গিত দিয়েছেন ইনফান্তিনো। সোমবার ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনকে পাঠানো চিঠিতে তিনি বলেছেন, ‘দায়িত্বশীলভাবে দেওয়া সম্ভব এমন সর্বোচ্চ পরিমাণ অতিরিক্ত অর্থায়নকে আমি সমর্থন করব।’

 

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারত্ব বিক্রির প্রস্তাব দেওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনা বাতিল হওয়ার পর থেকেই চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো। পরিকল্পনাটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

ইনফান্তিনোর এই চিঠি এসেছে ইউরোপের উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ ফিফার মজুত অর্থ থেকে ২১১ সদস্যের প্রত্যেককে ১ কোটি মার্কিন ডলার দেওয়ার দাবি জানানোর পর।

 

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

 

ইনফান্তিনো চিঠিতে বলেছেন, ‘আমি অর্থের পরিমাণ আগে থেকে নির্ধারণ করতে চাই না। একটি নির্দিষ্ট অঙ্ক আলোচনা শুরু করতে পারে, কিন্তু বৈশ্বিক নীতি নির্ধারণের জন্য সেটিই চূড়ান্ত হতে পারে না।’

 

ব্যর্থ ওই পরিকল্পনার পক্ষে নিজের সর্বশেষ অবস্থানও তুলে ধরেছেন ইনফান্তিনো। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির প্রস্তাবটি বাতিল হওয়ার পর তার পদত্যাগের দাবিও উঠেছিল। তবে ইনফান্তিনোর দাবি, প্রস্তাবটির উদ্দেশ্য ছিল ফুটবলে আরও অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি করা।

 

সুইস-ইতালীয় এই কর্মকর্তা লিখেছেন, ‘সম্প্রতি যে বাণিজ্যিক প্রস্তাব দেওয়া হয়েছিল এবং পরে প্রত্যাহার করা হয়েছে, তার উদ্দেশ্য ছিল ফিফাকে ফুটবলে আরও বেশি বিনিয়োগের সুযোগ করে দেওয়া।’

 

চলতি মাসের শুরুতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ফিফার সহসভাপতি ডেবি হিউইট ইনফান্তিনোকে বিতর্কিত ওই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সব নথি প্রকাশ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনার স্বাধীন পর্যালোচনার দাবিও তোলেন।

 

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পদে চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়াবেন ইনফান্তিনো। তার বিপক্ষে বিকল্প প্রার্থী খুঁজে বের করার জন্য বিরোধীদের হাতে সময় রয়েছে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031