সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক ::
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা জানিয়েছে, গত মৌসুমে তাদের আয় এক হাজার কোটি ইউরোর সীমা ছাড়িয়েছে। এর ফলে রিয়াল মাদ্রিদের পর ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।
২০২৫-২৬ মৌসুমের হিসাব অনুযায়ী, বার্সেলোনার আয় হয়েছে ১০৬ কোটি ইউরো, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। আগের অর্থবছরের তুলনায় আয় বেড়েছে ৬ কোটি ৬০ লাখ ইউরো।
তবে আয় বাড়লেও মৌসুম শেষে ১ কোটি ৮০ লাখ ইউরো নিট লোকসান করেছে স্পেনের চ্যাম্পিয়নরা।
হিসাবগুলো ডেলয়েট ফুটবল মানি লিগের অনুমোদন পেলে রিয়াল মাদ্রিদের পর বার্সেলোনাই হবে ইউরোপের দ্বিতীয় ক্লাব, যার বার্ষিক আয় একশ কোটি ইউরো ছাড়িয়েছে। স্পেনের দুই শীর্ষ ক্লাবের আর্থিক শক্তিরও এটি একটি বড় প্রমাণ।
ডেলয়েটের প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে প্রথম ক্লাব হিসেবে একশ কোটি ইউরোর বেশি বার্ষিক আয় করেছিল রিয়াল মাদ্রিদ। সেবার তাদের আয় ছিল ১০৪ কোটি ইউরো।
এর পরের মৌসুমে আয় আরও বাড়িয়ে ১১৬ কোটি ইউরো করে রিয়াল। সর্বোচ্চ আয়ের পাঁচ ক্লাবের তালিকায় তখন রিয়ালের পরেই ছিল বার্সেলোনা। তালিকায় আরও ছিল বায়ার্ন মিউনিখ, প্যারিস সাঁ জার্মাঁ ও লিভারপুল।
বার্সেলোনা জানিয়েছে, সর্বশেষ হিসাবগুলো ‘সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবের অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারাবাহিক অগ্রগতি তুলে ধরছে। একই সঙ্গে আয় বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি মাঠের প্রতিযোগিতামূলক শক্তি ধরে রাখার প্রতিশ্রুতিও এতে প্রতিফলিত হয়েছে।’
চলতি মৌসুমে আয় আরও বাড়বে বলে আশা করছে বার্সেলোনা। একই সঙ্গে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে এবার সামান্য লাভের মুখ দেখারও প্রত্যাশা করছে ক্লাবটি।
বার্সেলোনা জানিয়েছে, ‘২০২৬-২৭ মৌসুমের অনুমোদিত বাজেটে আয় আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নতুন করে ১১৯ কোটি ইউরো আয়ের রেকর্ড হতে পারে, যা আগের অর্থবছরের তুলনায় ১৩ কোটি ৫০ লাখ ইউরো বেশি।’
ক্লাবটি আরও জানিয়েছে, ‘২০২৬-২৭ অর্থবছর শেষে ১০ লাখ ইউরো নিট লাভের প্রত্যাশা করা হচ্ছে। ২০২৫-২৬ মৌসুমের নিট ফলাফলের তুলনায় এটি ১ কোটি ৯০ লাখ ইউরোর উন্নতি।’