সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
ক্রীড়া প্রতিবেদকঃঃ
কিলিয়ান এমবাপ্পের অসাধারণ পারফরম্যান্সে সুইডেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে জয় দিয়ে শুভ সূচনা করেছে ফ্রান্স। ম্যাচের ৪০ মিনিট পার হওয়ার পরেও গোলমুখ খুলতে পারছিল না ফরাসিরা। এর কিছুক্ষণ পরেই জাদুকরী এক গোল করেন ২১ বছর বয়সী স্ট্রাইকার এমবাপ্পে। যা ছিল দলে একমাত্র জয়সূচক গোল।
স্টোকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে স্বাগতিক সুইডেনকে ১-০ হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিন প্রথমার্ধে নেমে সুইডেনের রক্ষণ ভাঙতে রীতিমতো ঘাম ঝরাচ্ছিল ফ্রান্স। ম্যাচের ৪০ তম মিনিট পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না দিদিয়ের দেশমের দল।
বিরতিতে যাওয়ার চার মিনিট আগে স্কোরবোর্ড থেকে শূন্য সরাতে সক্ষম হন এমবাপ্পে। তার অসাধারণ নৈপুণ্যে ধরাশায়ী হয় সুইডিশ গোলরক্ষক।
গোলটি ছিল সেরাদের কাতারের একটি। যা দেখে শুধু ফরাসিরাই নয়, ফুটবলপ্রেমীরাও উচ্ছ্বাসে লাফিয়ে উঠবেন।
বাঁ দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে দারুণ কৌশলে দুজনকে পরাস্ত করে দুরূহ কোণ থেকে বল জালে জড়ান এই পিএসজি তারকা। এমবাপ্পের গোলটি দেখুন – (১.৫৩ সেকেন্ড থেকে) ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর জম্পেশ খেলা হবে ভেবেছিল সমর্থকরা। কিন্তু তার উল্টোটাই দেখা গেল। ম্যাচের বাকি সময়ে কোনো দলকেই ছন্দে দেখা যায়নি। পুরোটা সময়ে হতাশাজনক পারফরম্যান্স দেখান অঁতোয়ান গ্রিজমান। এমনটি পেনাল্টি পর্যন্ত মিস করে ফরাসিরা। অঁতনি মার্সিয়াল ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারি বাঁশিতে ফুঁ দেন। স্পট কিকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন বার্সেলোনা তারকা গ্রিজমান।
ফলাফল এমবাপ্পের সেই দারুণ গোলটির ওপর ভর করেই জয় পায় ফ্রান্স। এই গোলই শেষ পর্যন্ত ফ্রান্সকে পুরো তিন পয়েন্ট এনে দেয়।