শাই হোপের সেঞ্চুরিতে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

শাই হোপের সেঞ্চুরিতে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিড়া প্রতিবেদকঃঃ

দুর্বল দল নিয়ে কদিন আগে বাংলাদেশের কাছে ওয়ানডেতে বিধ্বস্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার ঘরের মাঠে দলে নিয়মিত খেলোয়াড়রা ফিরতেই উজ্জ্বীবিত হয়ে উঠল ক্যারিবীয়রা। শেষ সিরিজের ব্যর্থতা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শাই হোপের সেঞ্চুরিতে সহজ জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

 

 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মাধ্যমে ওয়ানডে সুপার লিগে পয়েন্টের খাতা খুলল ক্যারিবীয়রা। একই সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রানে থামে শ্রীলঙ্কা। এই রান তুলতে শুরুটা দারুণ করে লঙ্কানরা। অতিথিদের ওপেনিং জুটিতে আসে ১০৫ রান। তবে দুই ওপেনার দানুশকা গুনাথিলেকা আর দিমুথ করুনারত্নের ফেরার পর বেশি রান নিতে পারেনি শ্রীলঙ্কা।

 

 

দলের পক্ষে সর্বোচ্চ ৬১ বলে ৫৫ রান করেছে দানুশকা গুনাথিলেকা। সমান ৬১ বলে ৫২ রান করেন করুনারত্নে। এ ছাড়া ৫০ রান করেন বান্দারা।জবাব দিতে নেমে হোপের সেঞ্চুরিতে ৪৭ ওভারে আট উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলকে জেতাতে ১৩৩ বলে ১১০ রান করেন হোপ। তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। হোপ ছাড়াও এভিন লুইস খেলেছেন ৬৫ রানের ইনিংস। ড্যারেন ব্রাভো করেন ৩৭ রান আর জেসন মোহাম্মেদের ব্যাট থেকে আসে ১৩ রান।

 

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : ৪৯ ওভারে ২৩২ (গুনাথিলাকা ৫৫, করুনারত্নে ৫২, নিসানকা ৮, ম্যাথিউস ৫, চান্দিমাল ১২, বান্দারা ৫০, মেন্ডিস ৯, হাসারাঙ্গা ৩, চামিরা ৮, সান্দাক্যান ১৬*, প্রদিপ ১; জোসেফ ১/৪৯, হোল্ডার ২/৩৯, হোসেইন ০/৪৪, শেফার্ড ০/৩০, মোহাম্মেদ ২/১২, পোলার্ড ১/১৫, অ্যালেন ১/৩৮)

 

 

ওয়েস্ট ইন্ডিজ : ৪৭ ওভারে ২৩৬/২ (লুইস ৬৫, হোপ ১১০, ব্রাভো ৩৭*, মোহাম্মেদ ১৩*; প্রদিপ ০/৪৬, চামিরা ২/৫০, মেন্ডিস ০/২১, হাসারাঙ্গা ০/২৬, গুনাথিলাকা ০/২৫, সান্দাক্যান ০/৫৭, বান্দারা ০/৮)

 

ফল : ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে জয়ী।

 

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।

 

ম্যান অব দ্য ম্যাচ : শাই হোপ।

Spread the love