সিলেট |
প্রকাশিত: 5:36 PM, September 24, 2021
ক্রিড়া প্রতিবেদকঃঃ
বার্সেলোনা ছেড়ে প্যারিসে গিয়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না লিওনেল মেসির। পিএসজির হয়ে তিন ম্যাচ খেলে ফেলেছেন তিনি। অথচ এখনো কোনো গোলে তার অবদান মেলেনি। এরই মধ্যে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ইনজুরি তেমন গুরুতর না হওয়ায় দ্রুতই তার মাঠে ফেরার কথা জানিয়েছে পিএসজির কোচ মাওরোসিও পচেত্তিনো।
রোববার অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে মেসিকে তুলে নেন কোচ। তাতে অসন্তোষ ছিল মেসিরও। কিন্তু কোচের সিদ্ধান্তই সঠিক ছিল। কারণ ইনজুরিতে ভুগছিলেন তিনি। ইনজুরির কারণে পরের ম্যাচে মেতজের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরোয়ার্ড।
যার কারণে তার ফেরা নিয়ে শঙ্কা জেগেছিলো ভক্ত সমর্থকদের মনে। যদিও কোচ সেটা খোলাসা করে রাখলেন।পচেত্তিনো বলেন, ‘মেসির সুস্থতাটাই আমার জন্য আসল ব্যাপার। দেখা যাক শনিবার মোনটেপেলেয়িারের বিপক্ষে সে ফিরতে পারে নাকি। আমাদের ডাক্তাররা তার আরও পরীক্ষা-নিরীক্ষা করছে।
মেতজের বিপক্ষে আশরাফ হাকিমির জোড়া গোলে জয় পেয়েছে পিএসজি। যোগ করা সময়ের শেষ মিনিটে দলের জয় নিয়ে আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘আমাদের দল কখনো হাল ছাড়ে না। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে থাকে। আমি খুশি যে শেষে আমরা এটার ফল পেয়েছি। দল যে ধরনের দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমরা খুশি।
মৌসুম শেষে পিএসজির সম্ভাবনা কেমন? এ নিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নশিপের একদম শুরুতে আছি। এটা বলা কঠিন যে আমরা কোথায় শেষ করব মৌসুম শেষে। এই চ্যাম্পিয়নশিপের একটা মান আছে। সব দলেরই ভালো সুযোগ আছে। আমি আবার বলছি, সাধারণভাবে আমি আমাদের পারফরম্যান্সে খুশি না।’