সিলেট |
প্রকাশিত: 1:22 PM, January 5, 2022
ক্রীড়া প্রতিনিধিঃঃ
নিউজিল্যান্ডের মাটিতে এমনিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সব ফরম্যাট মিলিয়ে টানা ৩২ হার। এমন অচেনা কন্ডিশনে কঠিন এই প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট জিতবে বাংলাদেশ, তা হয়তো দুদিন আগেও কল্পনাও করেনি কেউ।
সেই অবিশ্বাস্যকে বাস্তবায়িত করেছে বাংলাদেশ। ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা। তবে এই জয়ের পেছনে দারুণ গল্প আছে পেসার এবাদত হোসেনের।
নিউজিল্যান্ড সফরের আগ পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হতাশা ছিলেন এবাদত। লাইন লেন্থের ঠিক না থাকা, উইকেট না পাওয়া কিংবা সবচেয়ে খরুচে বোলারের তকমা মাথায় নিয়ে ঘোরা- সবটাই ছিলেন তিনি। এর কারণও আছে, ১০ টেস্টে মাত্র ১১ উইকেট ছিল তার। সে এবাদত নতুন বছরে বাংলাদেশকে ইতিহাস গড়ার মূল কারিগর, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।
বাংলাদেশকে যখন জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে তখন ত্রাতার ভূমিকায় এবাদত। চতুর্থদিন কিউইদের চার ব্যাটারকে একাই সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন তিনি। এরপর পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমরা চেষ্টা করছি।
আমাদের সতীর্থরা ও সাপোর্ট স্টাফটা সবাই খুব সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এত ভালো করতে পারিনি। এই দলটাই চাচ্ছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে।’
‘কিন্তু কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই এটা যে বিদেশের মাটিতে জেতা শুরু করব। আমরা চেষ্টা করব আগামীকাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি’, যোগ করেছিলেন তিনি।
ঠিকভাবে কথাগুলো বলেছিলেন পঞ্চম দিনের সকালটা সেভাবে শুরু করলেন। বল হাতে এসেই শুরুতে ফেরালেন বড় বাধা রস টেইলরকে। এরপর ফেরান কাইল জেমিসনকে। ততক্ষণে কিউইদের মেরুদণ্ড বেঁকে গেছে, টেস্ট জয়ের পথ সুগম হচ্ছে বাংলাদেশের।
আর ছয় উইকেট শিকার করে পেসারদের হয়ে ৮ বছরের রেকর্ড ভেঙে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারের মাইলফলক স্পর্শও করেন তিনি।ম্যাচ শেষে এবাদত বলেন, ‘প্রথমে ধন্যবাদ জানাতে চাই আল্লাহকে। দ্বিতীয়ত নিউজিল্যান্ডের মাটিতে আমাদের দল ২১ বছর ধরে কোনো ম্যাচ জেতেনি।
এবার একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম। নিজেদের হাত তুলেছি, আর বলেছি তারা টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের হারানোর উদাহরণ রেখে যেতে হবে।’
গত কয়েক বছর জাতীয় দলে থেকেও তেমন কিছু করতে পারেননি তিনি। তবে তার পেছনে দলের ইনভেস্ট ছিল অনেক। সেটা আপাতত স্বার্থক হলো। বদলে যাওয়ার গল্প নিয়ে এবাদত বলেন, ‘গত দুই বছরে ওটিস গিবসনের সঙ্গে আমি কাজ করেছি।
ঘরের মাঠে কন্ডিশন সবসময় ফ্ল্যাট থাকে। আমরা এখন বাইরে কীভাবে বল ও রিভার্স করতে হয়, সেটা শিখছি। আমার সাফল্যের জন্য কিছুটা ধৈর্য ধরতে হয়েছে।’উইকেট শিকার করে স্যালুট দিতে দেখা যায় এই পেসারকে।
বিরাট কোহলি কিংবা বাবর আজমদের আউট করেও এই উদযাপন করেছিলেন তিনি। এরপর থেকে সেঞ্চুরিহীন এই দুই ব্যাটার। এবার নিউজিল্যান্ডের মাটিতে এবাদতের স্যালুট পেলেন ডেভন কনওয়ে, টেইলর ও জেমিসন। টেইলর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিবেন এই সিরিজের পর, জেমিসন মূলত বোলার। তারাও হয়তো সেঞ্চুরি বঞ্চিত থেকে যাবেন।
স্যালুট প্রসঙ্গে এবাদত বলেন, ‘আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য, জানি কীভাবে স্যালুট দিতে হয়। আর ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা অনেক লম্বা। আমি ক্রিকেটটা উপভোগ করছি। বাংলাদেশ ও বিমানবাহিনীর প্রতিনিধিত্ব করাও।’