সিলেট |
প্রকাশিত: 2:02 PM, February 4, 2022
ক্রীড়া প্রতিবেদকঃঃ
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার সূচি ঘোষণা করা হয়। এই সিরিজের ওয়ানডেগুলো হবে চট্টগ্রামে, আর ঢাকায় হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে সূচি জানায়। সেখানে দেখা যায় আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর ঢাকায় হবে টি-টোয়েন্টির দ্বৈরথ। আরও জানা গেছে, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টা থেকে।
এই সিরিজে খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে আফগান দল। এরপর সিলেটে চলবে তাদের কন্ডিশনিং ক্যাম্প, যদিও সেখানে কোনো ম্যাচ থাকছে না এই সিরিজের। আর বাংলাদেশ নিজেদের স্কোয়াড ঘোষণা করবে আগামী ১৫-১৭ ফেব্রুয়ারির মধ্যে।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
প্রথম ওয়ানডে – ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা); দ্বিতীয় ওয়ানডে – ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা); তৃতীয় ওয়ানডে – ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা); প্রথম টি২০ – ৩ মার্চ, ঢাকা (বিকেল ৩টা); দ্বিতীয় টি২০ – ৫ মার্চ, ঢাকা (বিকেল ৩টা)।