সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কটাক্ষ করে দেশটির ডিএমকে পার্টিকে পরিবারতন্ত্রের জন্য সমালোচনা করেছেন। তবে এই ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তার পাল্টা জবাব দিলেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে তথা রাজ্যটির ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। খবর ইন্ডিয়া টুডের।
এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ’র উদাহরণ টেনে উদয়নিধির পাল্টা কটাক্ষ, ‘আপনার ছেলে জীবনে কত রান করেছেন, জানাবেন?’ এর আগে গত শুক্রবার চেন্নাইয়ে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে শাহ তীব্র আক্রমণ করেছিলেন তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে-কে। যেখানে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ছেলেকে পরিবারতন্ত্রের উদাহরণ হিসাবে তুলে ধরে দাবি করেছিলেন, ডিএমকে আসলে পরিবারতান্ত্রিক দল।
ছেলে উদয়নিধিকে তুলে ধরাই স্ট্যালিনের একমাত্র লক্ষ্য। এরপর তার পাল্টা জবাব দেন উদয়নিধি। স্ট্যালিন-পুত্র চেন্নাইয়ে ডিএমকের যুব সংগঠনের একটি অনুষ্ঠানে দাবি করেন, আকাশ থেকে পড়েননি তিনি। আর পাঁচ জন জনপ্রতিনিধির মতো ভোটে লড়ে জিতে তবেই বিধায়ক হয়েছেন। আর বিধায়ক হওয়ার পর তাকে মন্ত্রী করা হয়েছে। এই প্রসঙ্গেই শাহকে কটাক্ষ করে তিনি বলেন, ‘অমিত শাহ বলছেন, আমাদের দলের নেতাদের নাকি একটাই লক্ষ্য, আমাকে মুখ্যমন্ত্রী বানানো।
কিন্তু আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আপনার ছেলে বিসিসিআইয়ের সেক্রেটারি হন কী করে?’ এর পরেই জয়ের খেলাধুলোর অজানা ইতিহাসকে সরাসরি কটাক্ষ করে স্ট্যালিন-পুত্র বলেন, ‘উনি কতগুলি ম্যাচ খেলেছেন, কত রানই বা করেছেন, জানাবেন?’ এদিকে ভারতের দক্ষিণের রাজ্যে ক্ষমতা বিস্তারের জন্য বিজেপির হাতে অস্ত্র পরিবারতন্ত্রের অভিযোগ উঠেছে। তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের নেতৃত্বে রামেশ্বরম থেকে পদযাত্রার সূচনা করতে গত শুক্রবার হাজির ছিলেন শাহ। সেখানেই পরিবারতন্ত্রের অভিযোগ করেন তিনি।