ভারতে ‘খেলবেন’ নেইমার

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩

ভারতে ‘খেলবেন’ নেইমার

স্পোর্টস ডেস্কঃঃ

 

কয়েকদিন আগেই ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার। সেই ক্লাবের হয়ে খেলতেই ভারতে আসছেন এই ব্রাজিলিয়ান তারকা। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

 

আজ বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভারতের ক্লাব মুম্বাই সিটি এফসি আর আল-হিলাল একই গ্রুপে পড়েছে। তাই নেইমার পুনেতে খেলতে আসতে পারেন। তিনি যদি কোনো কারণে নাও আসেন তাহলেও খ্যাতিমান অনেক তারকাকে দেখতে পারবে ভারতের ফুটবলভক্তরা। কারণ, সম্প্রতি অনেক ইউরোপীয় তারকাকেই সই করিয়েছে আল-হিলাল।

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর অন্য গ্রুপে পড়ায় ভারত আসছেন না। এর আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ভারতে খেলে গেছেন। অনেকেরই চাওয়া ছিল, রোনালদো এসে যাতে তাদের ষোলকলা পূর্ণ হয়।

 

নেইমার ছাড়াও আল-হিলালে যোগ দিয়েছেন মরক্কোকে সেমিফাইনালে তুলে নজরে আসা গোলকিপার ইয়াসিন বোনো। আল-হিলালে সই করেছেন সার্বিয়ান তারকা আলেকজান্ডার মিত্রোভিচ ও সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচও। দলটিতে যোগ দিয়েছেন চেলসিতে খেলা কালিদু কুলিবালি, পর্তুগিজ তারকা রুবেন নেভেস, বার্সেলোনায় খেলা ব্রাজিলিয়ান ম্যালকম। এছাড়া সৌদি আরবের জাতীয় দলে খেলা কয়েকজন ফুটবলারও আছেন।

 

নেইমারের দল আসলে মুম্বাই তাদের ঘরের মাঠ নয়, খেলবে পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে। তবে এই স্টেডিয়ামটি খুব একটা বড় নয়। মাত্র ১১ হাজার মানুষ এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারে। মুম্বাই ও আল-নাসর ছাড়াও এই গ্রুপে আছে ইরানের ক্লাব নাসাজি মাসান্দারান এবং উজবেকিস্তানের ক্লাব নবখর।

Spread the love