দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন সময়ের দাবি: ব‍্যারিস্টার রফিক আহমেদ

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন সময়ের দাবি: ব‍্যারিস্টার রফিক আহমেদ

বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন। উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের পর অনেকে স্থায়ীভাবে বিদেশে বসবাস করছেন। অনেকের ক্ষেত্রেই এটি একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত — বাংলাদেশে পর্যাপ্ত আর্থিক ও সামাজিক সুরক্ষা না থাকায়, বিদেশে নাগরিকত্ব গ্রহণ তাদের জন্য একটি অপরিহার্য নিরাপত্তাবলয়ে পরিণত হয়েছে। কারণ, নাগরিকত্ব ছাড়া সেসব দেশে চিকিৎসা, কাজ, সম্পদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন।

 

কিন্তু একটি চিরন্তন সত্য হলো — মানুষ তার জন্মভূমিকে প্রাকৃতিকভাবেই ভালোবাসে। বাংলাদেশের প্রতি এই টান থেকেই প্রবাসীরা নিয়মিত অর্থ প্রেরণ, বিনিয়োগ এবং জ্ঞান-প্রযুক্তি হস্তান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। অথচ বাংলাদেশের বর্তমান আইন-কাঠামো তাদের পূর্ণ মাত্রায় দেশগড়ার কাজে সম্পৃক্ত হতে দিচ্ছে না। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে সংসদ সদস্য, রাষ্ট্রপতি বা নির্দিষ্ট উচ্চপদে প্রবেশের পথ আইনগতভাবে সংকুচিত।

 

 

এতে দেশ ও প্রবাসী উভয়ই বঞ্চিত হচ্ছেন। প্রবাসীদের অধিকার খর্ব হওয়ার পাশাপাশি বাংলাদেশও তাদের সম্পূর্ণ সেবা ও দক্ষতা কাজে লাগাতে পারছে না। বিশ্বের বহু দেশ, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিভিন্ন রাষ্ট্রে দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি মন্ত্রী, প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির পদেও নির্বাচিত হয়েছেন। সম্প্রতি লন্ডনে একটি দেশের ফার্স্ট লেডির সাথে একটি বৈঠক করে আলোচনা করে যা জানলাম, তার স্বামীও দ্বৈত নাগরিকত্ব নিয়েই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। এটি প্রমাণ করে যে, নাগরিকত্বের চেয়ে যোগ্যতা ও দেশপ্রেমই বেশি গুরুত্বপূর্ণ।

 

 

বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আইন যুগোপযোগী করা এখন সময়ের দাবি। সংশোধিত আইন প্রবাসী দক্ষতা, বিনিয়োগ ও নেতৃত্বকে দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত করতে পারে। এতে রাষ্ট্রের জন্য ভালোর বাইরে খারাপ কিছু হবে না; বরং বৈশ্বিক দক্ষতা ও সম্পদ দেশের কাজে লাগবে। তবে এক্ষেত্রে সতর্কতাও প্রয়োজন। কিছু ব্যক্তি গোপনে নাগরিকত্ব নিয়ে সম্পদ পাচার করছেন — আইন সংশোধনের পাশাপাশি স্বচ্ছতা, কর নিয়ন্ত্রণ ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করতে হবে।

 

 

দেশপ্রেম শুধু আবেগ নয়, তা কাজে প্রকাশ পায়। যারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন, তাদের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ এগিয়ে যাবে দ্রুততর গতিতে। দ্বৈত নাগরিকত্বের আইনগত সংস্কার হোক সকলের সম্মিলিত প্রজ্ঞা ও দেশগড়ার ইচ্ছার বিজয়।

 

লেখক:-

ব‍্যারিস্টার রফিক আহমেদ

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930