সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
শিপন আহমদ, (সিডনি )অস্ট্রেলিয়া:
বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ফাতেমা তুজ জোহরা অস্ট্রেলিয়ার সিডনির মঞ্চে গান শোনাবেন শনিবার । তাঁর সঙ্গে একই মঞ্চে গাইবেন অস্ট্রেলিয়াপ্রবাসী সংগীতশিল্পী অমিয়া মতিন।
অস্ট্রেলিয়ায় বাংলা ভাষা, গান ও প্রবাসী জীবনের নানা খবর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া অনলাইন প্ল্যাটফর্ম সিডনিবাসী-বাংলার ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার, ২৬ সেপ্টেম্বর সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যার। সন্ধ্যা ছয়টায় দর্শকদের জন্য দরজা খুলবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
জানা যায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশের নজরুলসংগীতের পরিচিত কণ্ঠ ফাতেমা তুজ জোহরা। দীর্ঘ সংগীতজীবনে নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক গানও গেয়েছেন তিনি। মঞ্চ ও টেলিভিশনে তাঁর দীর্ঘ উপস্থিতির পাশাপাশি অভিনয় ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন। সংগীতে অবদানের জন্য ২০০৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। পরে নজরুলসংগীতে দীর্ঘ কাজের স্বীকৃতি হিসেবে নজরুল পুরস্কারও পান তিনি।
সিডনির এই আয়োজনে তাঁর সঙ্গে থাকছেন অমিয়া মতিন। ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত অমিয়া ঢাকার নজরুল পরিষদ মিউজিক স্কুল ও কলিম শরাফীর সংগীত ভবনে সংগীতের তালিম নেন। তাঁর শিক্ষকদের মধ্যে ছিলেন ফাতেমা তুজ জোহরাও। পরে তিনি নরওয়ে, জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গান পরিবেশন করেন। ১৯৯৬ সাল থেকে তিনি সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। অমিয়া মতিনের প্রথম অ্যালবাম ‘যেতে যেতে কিছু কথা’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরে তাঁর নজরুলসংগীতের অ্যালবাম ‘ভোরের কুন্দকলি’ এবং আধুনিক গানের অ্যালবাম ‘যত ভাবনা ছিল’ প্রকাশিত হয়।
দীর্ঘদিন ধরে সিডনির বাংলা সাংস্কৃতিক অঙ্গনেও নিয়মিত গান করে আসছেন তিনি। ২০২৪ সালে প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদকে স্মরণ করে সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারেই অমিয়া মতিনের একক সংগীতসন্ধ্যা ‘তুমি রবে নীরবে’ অনুষ্ঠিত হয়েছিল।
অনুষ্ঠানে আরও থাকছেন সংগীতচর্চার সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ড. আবদুল্লাহ আল মামুন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। বর্তমানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সঙ্গে গবেষণার কাজেও যুক্ত রয়েছেন।
এ ছাড়া সংগীতসন্ধ্যায় গিটারে থাকবেন সোহেল খান, তবলায় অভিজিৎ দান, অক্টোপ্যাডে শাহরিয়ার এবং কিবোর্ডে নীলাদ্রি জানিয়েছেন আয়োজকরা।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি কার্যক্রম নিয়ে কাজ করে যাওয়া সিডনিবাসী-বাংলার সম্পাদক প্রকৌশলী আবদুল মতিন বলেন,সিডনিবাসী-বাংলার ২৫ বছর পূর্তি আমাদের জন্য আনন্দের একটি উপলক্ষ। দীর্ঘ এই সময়ে আমরা প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং কমিউনিটির নানা কার্যক্রম তুলে ধরার চেষ্টা করেছি। এই পথচলায় পাঠক, লেখক, শিল্পী ও শুভানুধ্যায়ীদের যে সহযোগিতা পেয়েছি, তা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে ফাতেমা তুজ জোহরা, অমিয়া মতিনসহ গুণী শিল্পীদের নিয়ে এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশাবাদী,এই সন্ধ্যা সিডনির বাংলা ভাষাভাষী মানুষের জন্য সুন্দর একটি মিলনমেলায় পরিণত হবে।
আগামী শনিবার হার্স্টভিল সিভিক থিয়েটারে অনুষ্ঠিত হবে এই সংগীতসন্ধ্যা। সন্ধ্যা ছয়টায় দর্শকদের জন্য দরজা খুলবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সাড়ে ছয়টায়। অনুষ্ঠানের টিকিট দেশি ইভেন্টসের মাধ্যমে সংগ্রহ করা যাবে।