হিজরি সনের উৎপত্তি ও তাৎপর্য

প্রকাশিত: 5:15 PM, August 24, 2020

হিজরি সনের উৎপত্তি ও তাৎপর্য

লন্ডন বাংলা ডেস্কঃঃ

হিজরি সন মুসলিম জীবনে অনেক বেশী তাৎপর্যপূর্ণ। মুসলিম জীবনের অনেক বিষয় এর সাথে জড়িত। বিভিন্ন ইবাদত যেমন: রোজা, হজ, কোরবানি এবং ঈদ উৎসবসহ ধর্মীয় আচার অনুষ্ঠানের নিবিড় সম্পর্ক হিজরি সনের সাথে। যেসব উপাদান মুসলিম উম্মাহকে উজ্জীবিত করে তন্মধ্যে হিজরি সন একটি। মুসলিম উম্মাহর কৃষ্টি-কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরীসীম। মানুষের জীবন সময়ের সমষ্টি। সময়কে মানুষের জন্য ব্যবহারের প্রয়োজনে আল্লাহ তাআলা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। যেমন: দিন, রাত, মাস, বছর ইত্যাদি। বছরকে আমরা সাল, সন, অব্দ ইত্যাদি নানা নামে অভিহিত করি। আল্লাহ পাক ইরশাদ করেন, “নিশ্চয়ই আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধান ও গণনায় মাস বারটি, তন্মধ্যে চারটি নিষিদ্ধ মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান।” (সূরা তাওবা : আয়াত : ৩৬) অপর আয়াতে বলেন, “তিনিই সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তাদের মনজিল নির্দিষ্ট করেছেন। যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব করতে পারো। আল্লাহ তাআলা তা নিরর্থক সৃষ্টি করেননি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এসব নির্দশন বিশদভাবে বিবৃত করেন।” (সূরা ইউনুস আয়াত : ০৫)

প্রাচীন আরবে কোন সন প্রথা ছিলনা। বিভিন্ন ঘটনাকে উপলক্ষ্য করে বছর গণনা হতো। যেমন: আগমনের বছর, বিদায়ের বছর, ভূমিকম্পের বছর, অনুমতির বছর, হস্তিবাহিনীর বছর ইত্যাদি। হস্তিবাহিনীর বছর থেকে সাল গণনা অনেক প্রসিদ্ধ ছিল। এ বছরই মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেন। তবে আরবি মাসগুলো তাদের মাঝে পূর্ব থেকেই প্রচলিত ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাজিয়াল্লাহু আনহুর যুগে হিজরি সনের উৎপত্তি হয়। তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম ছড়িয়ে যায়। দিগ-দিগন্ত থেকে নানা চিঠিপত্র খলিফা উমর রাজিয়াল্লাহু আনহুর নিকট আসতো। কিন্তু এগুলোতে দিন তারিখ উল্লেখ না থাকায় অনেক জটিলতা ও অসুবিধা দেখা দেয়। এছাড়াও সরকারী অর্থ ব্যবস্থা পরিচালনা ও সুংহত করত: নথিপত্র প্রস্তুত ও কর ধার্য করার পর আদায়ের তারিখ নির্দিষ্ট করা সর্ম্পকে হযরত উমর রা. বিশেষ সমস্যার সম্মুখীন হন।

 

আল বিরুনি কর্তৃক উদ্ধৃত একটি বিবরণীতে আছে ,একবার হযরত আবু মুসা আশআরি রাজিয়াল্লাহু আনহু হযরত উমর রাজিয়াল্লাহু আনহুর কাছে লিখিত এক পত্রে বলেন, আপনি আমাদের কাছে যেসব চিঠিপত্র পাঠাচ্ছেন তাতে কোন তারিখের উল্লেখ নেই, যার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এ বিষয়ের গুরুত্ব অনুধাবন করে দূরদর্শী খলিফা হযরত উমর রাজিয়াল্লাহু আনহু একটি ইসলামি সন প্রবর্তনের প্রয়োজন অনুভব করেন। সেমতে তিনি বিশিষ্ট সাহাবায়ে কেরাম ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের নিয়ে একটি পরামর্শ সভার আয়োজন করেন। দিনটি ছিল ১০ জুমদাল উলা মোতাবেক ৬৩৮ খ্রিস্টব্দ। সভায় অনেকেই মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে সন গণনার মত দেন। কেউ তার মৃত্যুদিন থেকে সন গণনার পরামর্শ দেন। নানা কারণে এই মতগুলো গৃহীত হয়নি। হযরত আলী রাজিয়াল্লাহু আনহু নবিজির হিজরতের দিন থেকে সন গণনার মত দেন। কেননা ইসলামে হিজরতের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মতটি সবার কাছে গৃহীত হয়। মুহাররম মাসকে হিজরি সনের প্রথম মাস ধরা হয়। নবিজির হিজরত হয়েছিল ১২ রবিউল আউয়াল মোতাবেক ২৪ মতান্তরে ২৭ সেপ্টেম্বর ৬২২ খ্রিষ্টব্দে। সে দিন থেকে হিজরি সন গণনা শুরু হয়নি বরং ঐ বছরের ১লা মুহররম মোতাবেক ১৬ জুলাই ৬২২ খ্রিস্টাব্দ থেকে হিজরি সন গণনা শুরু হয়।

 

হিজরত অর্থ হলো, ছেড়ে দেয়া, পরিত্যাগ করা, দেশান্তর হওয়া ইত্যাদি। ইসলামের পরিভাষায় হিজরত হলো: ইসলামের দাওয়াত প্রচার ও প্রসারের লক্ষ্যে মহান আল্লাহর নির্দেশে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে শান্তির শহর মদিনায় চলে যাওয়া। এই ঘটনাই ইসলামের ইতিহাসে হিজরত হিসেবে পরিগণিত।হিজরতের সাল থেকে হিজরি সন প্রবর্তনে রয়েছে বিশেষ তাৎপর্য। আর তা হলো হিজরতকে মূল্যায়ন করা। হিজরত হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী বিষয়। হিজরতের পর থেকেই মুসলমানরা প্রকাশ্য ইবাদত ও সমাজ গঠনের রূপরেখা বাস্তবায়ন করতে পেরেছিলেন। প্রকাশ্যে আজান, নামাজ, জুমআ, ঈদ সবকিছু হিজরতের পর থেকেই শুরু হয়েছিল। হিজরতের পূর্বে মুসলমানরা কাফিরদের নির্যাতন শুধু সহ্য করেই গেছেন, কোন প্রতিরোধ করেননি। হিজরতের পরই কাফিরদের প্রতিরোধ করতে জিহাদের নির্দেশ আসে। হিজরতের পরই মুসলমানরা নতুন উদ্যোমে তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।

 

এক কথায় হিজরত ছিল মুসলমানদের জীবনে একটি ঐতিহাসিক ঘটনা। হিজরি সন মূলত চন্দ্র নির্ভরশীল। চন্দ্রমাস ২৯ ও ৩০ দিনে হয়। বিধায় ৩৫৪ বা ৩৫৫ দিনে বর্ষ পূর্ণ হয়। তাই চন্দ্রবর্ষ ও সৌরবর্ষে ১০ বা ১১ দিন ব্যবধান হয়। ফলে ৩৫ বা ৩৬ বছর পর হিজরি সন এক বছর বেড়ে যায়। বর্তমানে অনেক মুসলিম ও আরব দেশে, রাষ্ট্রীয় সকল কার্যক্রম হিজরি সনে পরিচালিত হচ্ছে। অনেকেই হিজরি সনকে কেবল আরবি সন বা আরবদের জন্য নির্দিষ্ট করে বলেন, এটি তাদের নিজস্ব সন। বিষয়টি এরকম নয়। হিজরি সনের মাসগুলো আগে থেকে বিদ্যমান থাকলেও এবং মাসগুলো আরবি হলেও সনটিকে গোটা মুসলিম উম্মাহর সন হিসেবেই গ্রহণ করতে হবে। মাসগুলো মূলত চন্দ্রবর্ষের মাস। আর এর সাথে মুসলিম উম্মাহর অনেক বিষয়াদি সম্পৃক্ত। তাই এই সনকে কেবল আরবদের সন হিসেবে আখ্যায়িত করা যাবে না।

Spread the love