প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলের ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৈশপ্রহরী ফরিদ আহমদকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর বাজারের পাশেই প্রতিষ্টিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়। স্কুলটি যুগ যুগ ধরে সুনামের সাথে পরিচালনা করে আসছেন শিক্ষকবৃন্দ।
প্রতিদিনের মত শনিবারও স্কুলের আলমারিগুলো তালাবদ্ধ করে রেখে যান শিক্ষকরা। কিন্তু শনিবার স্কুলের শিক্ষার্থীদের ভর্তির ও ফান্ডের টাকা ও মূল্যবান জিনিসপত্র আলমারিতেই রেখে যাওয়া হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষের নিয়োগপ্রাপ্ত ফরিদ আহমেদ নামে একজন নৈশপ্রহরী রয়েছে। এই নৈশপ্রহরী থাকা অবস্থায় দুঃসাহসিক চুরির ঘটনায় অনেকটা প্রশ্নবৃদ্ধ করেছে স্থানীয়দের।
অনুসন্ধানে জানা যায়, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরেরা। এসময় স্টিলের আলমারিতে রক্ষিত নগদ ৩৪ হাজার টাকা, ২টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ কম্পিউটার, ১টি প্রজেক্টর, ১টি স্ক্যানার, ১টি প্রিন্টারসহ অনেক মালামাল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী ফরিদ আহমেদকে আটক করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন কর্তৃপক্ষ।
এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক প্রসিত কুমার দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিদিনের মত আমরা স্কুল তালাবদ্ধ করে রেখে যাই, সকালে স্কুলে এসে দেখি অফিস কক্ষের দরজা ভাঙ্গা। তিনি বলেন- আমি এসব দেখে স্কুল কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষকদের খবর দিলে সবাই আসার পর আমরা ভিতরে প্রবেশ করে দেখি স্টীলের আলমারিগুলো ভাঙ্গা আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান মালামালগুলো তছনছ করে ফেলে রাখা হয়েছে। শনিবার হওয়ার সুবাদে শিক্ষার্থীদের ভর্তির প্রায় ৩৪ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
এদিকে এঘটনায় এলাকার সচেতন মহল মন্তব্য করতে শোনা যায়, ‘এলাকায় এত কমিউনিটি পুলিশের সদস্য থাকা সত্বেও এমন ঘটনা ভাবনার বিষয়’। এভাবে প্রায় জায়গায়ই চুরির ঘটনা ঘটে চলেছে। শুধু চুরি নয়, বাহুবলের বিভিন্ন স্থানে দাঙ্গাহাঙ্গামা, মাদক, জুয়া, বখাটেপনাসহ সামাজিক অপরাধ ঘটে চলেছে। তখন কমিউনিটি বিট পুলিশের সদস্যরা করছে কি? তাদের দায়িত্বই বা কি? এসব প্রশ্ন নিয়েই ঘুরছেন সচেতন মহল।