সিলেট |
প্রকাশিত: 7:21 PM, March 28, 2021
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে গায়ে কাফনের কাপড় পড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রবিবার ২৮ মার্চ সকাল প্রায় ৭টা থেকে বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্ট, পুটিজুরী ও মিরপুর পয়েন্টে অবস্থান নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
শান্তিপূর্ণ ভাবে এ হরতাল পালন করা হয়েছে, বাহুবলের কোথাও কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এ সময় রাস্তার দু’পাশে অসংখ্য বাস ট্রাক আটকা পড়ে যায়,এমতাবস্থায় সকাল প্রায় ৯টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ ও র্যাব এসে হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করলে, হেফাজতের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়ক চেড়ে বাহুবল ভিতর বাজারে অবস্থান নেয়, বাজারে গিয়ে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ মিছিল, এতে অংশগ্রহণ করে অসংখ্য মাদ্রাসার ছাত্র ও শিক্ষক।
সকালে কিছুটা যান চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে অনেকটা যানবাহন বন্ধ হয়ে যায়। বাহুবল মিরপুর ও পুটিজুরী এলাকায় গিয়ে এ অবস্থাই দেখা যায়।